ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি কার্যালয়ে হামলায় স্থানীয় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি মিছিল থেকে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ সময় হামলার শিকার হয়ে প্রাণ হারান রাজু।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
স্থানীয়রা জানান, মিছিলকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, তিনটি মোটরসাইকেলে আগুন এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার ওপর হামলা চালায় তারা।
স্থানীয় এক কর্মী বলেন, বেশ কয়েকজন লোক এসে অতর্কিত আমাদের ওপর হামলা চালায়।
গুরুতর আহত রাজুকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৩৪ বছর বয়সী কৃষক দল নেতার বাড়ি নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোহাগ মিয়া বলেন, ‘রাত ৯টার দিকে ওই ব্যক্তিকে আমাদের কাছে নিয়ে আসে। পরীক্ষা–নিরীক্ষা শেষে আমরা তাঁকে মৃত ঘোষণা করি।’
রাজু মোল্লাকে একা পেয়ে মারধর ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি। হঠাৎ করে ওরা অস্ত্র এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমাদের নেতা-কর্মীরা বাড়িতে চলে গিয়েছিল। ওই সময় রাজু একা আসতেছিল আমার সাথে দেখা করা জন্য। রাস্তা একা পেয়ে তাঁকে রাস্তার মধ্যে নৃশংসভাবে হত্যা করে।’
এ ঘটনার পর রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।