রাজধানীর কাঠালবাগানে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, আহত ৩

রাজধানীর কাঠালবাগানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে কাঞ্চন টাওয়ার নামের একটি ১০ তলা ভবনের ৪র্থ তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার ১১ মিনিটের মধ্যে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে দগ্ধ হন তিনজন। স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে পাঠানো হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক (ইমার্জেন্সি) সুলতান মাহমুদ শিকদার বলেন, এ পর্যন্ত অগ্নিদগ্ধ ৫ জন রোগী আমাদের ইনস্টিটিউটে চিকিৎসার জন্য এসেছেন। তাঁদের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহত সকল রোগীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’