উত্তরা থেকে আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ২টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। নাহিদের নামে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলাসহ ১৪টি মামলা রয়েছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর এসব তথ্য নিশ্চিত করেন। 

ওসি জানান, গোপন খবর সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে ২ নম্বর সড়কের একটি বাসয় অভিযান চালায় পুলিশ। দীর্ঘদিন ধরে ওই বাসায় পরিবারসহ থাকছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদ। পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা, ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে অন্তত ১৪টি মামলা রয়েছে। বেশিরভাগ মামলাই হয়েছে সিলেটে। 

ওসি জানান, সবগুলো মামলা যাচাই-বাছাই করছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রে তার সম্পৃক্ততা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। 

ওসি খালিদ মনসুর আরও জানান, ৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করেন নুরুল ইসলাম নাহিদ। কিন্তু মেসেজ বা কল কোনটারই সাড়া পাননি তিনি।