গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ শুক্রবার গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নিয়ে তিনি সহযোগিতার আহ্বান জানান। 

আইজিপি বলেন, ‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে। আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’

আইজিপি আরও বলেন, ‘আমি মনে করি, আপনারা (গোপালগঞ্জবাসী) শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করবেন; এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।’

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামী দিনেও ভালো থাকবে।’ স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষগুলো যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নিন। অশান্তি তৈরি করে এমন সংখ্যা খুব বেশি নয়।’