কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। প্রায় পাঁচ মাসের জমা হওয়া এসব টাকার পাশাপাশি পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা ও বৈদেশিক মুদ্রা। দানের অর্থ দিয়ে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণ এবং জেলার দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এ সময় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় বিপুলসংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন।
পরে দানের টাকা ৫১টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় প্রায় ৪০০ মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক এবং শতাধিক ব্যাংক কর্মকর্তা টাকা গণনায় অংশ নেন। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৫ ঘণ্টায় গণনা শেষ হয়।
সাধারণত তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে এবার প্রায় পাঁচ মাস পর ১৫টি দানবাক্স খোলা হয়েছে। এতে নগদ অর্থের পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, রুপা ও স্বর্ণালংকার পাওয়া গেছে।
এর আগে গত ২৭ জুন ছয় মাস পর মসজিদের ১৫টি দানবাক্স খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। সেবার ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। পাশাপাশি ছিল স্বর্ণ-রুপার অলংকার ও বিদেশি মুদ্রা।
মসজিদটিতে মানত করলে রোগ-বালাই দূর হওয়াসহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়—এমন বিশ্বাস থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে নানা ধর্মের মানুষ এখানে দান করেন। নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রী দান করেন তাঁরা। মসজিদের ওয়েবসাইটের মাধ্যমেও দেশে-বিদেশে থাকা অনেকে অর্থ দান করেন।
রাজধানীর যাত্রাবাড়ী থেকে মানতের দুটি খাসি নিয়ে আসেন পুষ্প রানী বর্মন। তিনি বলেন, তাঁর মনোবাসনা পূর্ণ হওয়ায় মানত হিসেবে খাসি দুটি দান করেছেন।
নেত্রকোনার কেন্দুয়া থেকে আসা আফিল উদ্দিন বলেন, তিনি মসজিদে একটি গরু মানত করেছিলেন। মনোবাসনা পূর্ণ হওয়ায় এবার সেটি দান করেছেন।
পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, এবার দানের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, নতুন দানের অর্থসহ মসজিদের ব্যাংক হিসাবে জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৮১ টাকা। এ অর্থ দিয়ে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মাঝখানে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকার হারুয়ায় থামেন। তাঁকে ঘিরে সেখানে ভক্তদের সমাগম ঘটে। ওই ব্যক্তির মৃত্যুর পর তাঁর সমাধির পাশে মসজিদটি গড়ে ওঠে। পরে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।
কিশোরগঞ্জ জেলা শহরে নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর মসজিদটি অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্ফ এস্টেটের অধীনে মসজিদটি পরিচালিত হয়ে আসছে।