মানিকগঞ্জের স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক কলহের জেরে স্ত্রী উর্মি আক্তারকে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সজীব মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গুরুতর আহত অবস্থায় সজীব হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে সজীব তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। উর্মির চিৎকার শুনে প্রতিবেশীরা গেলে তাদের সামনেই নিজের গলায় আঘাত করেন সজীব। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, উর্মির মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে পুলিশ পাহারায় সজীবকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।