রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের পর দেয়ালধসে ফায়ার সার্ভিসের দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামবাগ নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ফায়ার ফাইটার জয় রায় (৩২) ও আজহারুল (২৬)। সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া বিভাগের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লালবাগের বেড়িবাঁধ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর হঠাৎ কারখানার ওপরের একটি দেয়াল ভেঙে দুই ফায়ার ফাইটারের ওপর পড়ে। এতে তারা আহত হন।
পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা চলছে।