মাদারীপুরে সাপের দংশনে কৃষকের মৃত্যু

মাদারীপুরে বিষধর সাপের দংশনে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

নিহত উদ্ধব বাড়ৈ (৫০) মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উদ্ভব বাড়ৈ গতকাল বিকেলে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজারে আড্ডা দিতে যান। তিনি বাজারের ভেতরে থাকা একটি পরিত্যক্ত দোকান ঘরে সমবয়সীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এসময় ওই দোকানের ভেতরে থাকা একটি গোখরা সাপ উদ্ভব বাড়ৈকে বিকেল সাড়ে ৪ টার দিকে দংশন করে। সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন সাপটিকে মেরে ফেলেন। 

পরে স্থানীয়রা উদ্ভব বাড়ৈকে তার বাড়িতে নিয়ে শরীর থেকে বিষ নামানোর জন্য এক সাপুড়ে ওঝাকে খবর দিয়ে আনে। পরে অনেক চেষ্টা করেও যখন অবস্থার উন্নতি হয়নি, তখন পরিবারের সদস্যরা রাত ৮টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক উদ্বব বাড়ৈকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে নিহতের বড় ভাই ত্রিনাথ বাড়ৈ বলেন, ‘সাপের কামড় নিশ্চিত হওয়ার পরে স্থানীয় ওঝা দিয়ে বাড়ির লোকজন বিষ নামানোর চেষ্টা করে। কিন্তু বিষ নামাতে পারেনি। আমার ভাই পরে গুরুতর অসুস্থ হলে সদর হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানে যাওয়ার পথেই সে মারা যায়।’

এ বিষয়ে মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.অখিল সরকার বলেন, ‘সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে রোগীকে নিয়ে আসলে তিনি এভাবে মারা যেতেন না। যেহেতু কোন সাপে কামড় দিয়েছে, সাপটিকে মেরে ফেলায় তা নিশ্চিত হওয়া গিয়েছিল। কিন্তু হাসপাতালে আসার আগেই রোগী মারা যায়।’