ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং ছুটি শেষে গাজীপুর, সাভার ও আশুলিয়ার শিল্পকারখানাগুলোতে আবারও উৎপাদন শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে এসব এলাকার কারখানাগুলোতে স্বাভাবিক দিনের মতো শ্রমিকদের কর্মস্থলে ফিরতে দেখা গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার সকাল থেকে দলে দলে কর্মস্থলে ফিরেতে দেখা যায় গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকদের। অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা আজও চালু হয়নি বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গাজীপুরের প্রায় সব কারখানা খোলা রয়েছে। সকাল থেকে কাজে ফিরেছেন শ্রমিকেরা। তার নিজ নিজ আইডি কার্ড প্রদর্শন করে কারখানায় প্রবেশ করেন। ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সালনা, বাঘের বাজার, মেম্বারবাড়ী, বাংলাবাজার, টঙ্গী, গাজীপুরা, নাওজোর ও শ্রীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কোথাও শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে গাজীপুরের কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা আজও বন্ধ রয়েছে। সকাল থেকে কোনো আন্দোলন বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।
শিল্প পুলিশ জানায়, চলমান শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য ১২টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আজ সাধারণ ছুটিতে বন্ধ রয়েছে আরও অন্তত ৩টি কারখানায়। এর বাহিরে সকাল থেকে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় সব পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে।
তবে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা এড়াতে কারখানাগুলোর সামনে এবং শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জোরদার করা হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।