মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা নিয়ম মেনেই করা হয়েছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। হাসপাতালটির এক চিকিৎসককে হত্যার হুমকির প্রেক্ষিতে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমানের সই করা এ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ আগস্ট রাত সাড়ে ১০ টায় বিএসএমএমইউ জরুরি বিভাগে কাশিমপুর কারা কর্তৃপক্ষ কর্তৃক দেলোয়ার হোসেন সাঈদীর (৮৪) ভর্তির শুরু থেকে পরবর্তী সকল চিকিৎসা বিধিসম্মতভাবে আন্তর্জাতিক প্র্যাকটিস অনুসরণ করে সম্পন্ন করা হয়।
এতে বলা হয়, তার চিকিৎসায় এই হাসপাতালের সংশ্লিষ্ট সকল চিকিৎসা দানকারী বিশেষজ্ঞ অধ্যাপকগণ সঠিকভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। পরদিন ১৪ আগস্ট ৬টা ৪৫ মিনিটে তার আকষ্মিক কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তার অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট প্রটোকল অনুযায়ী চিকিৎসা চলতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত ১৪ আগস্ট রাত ৮টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
সাঈদীর ছেলে মাসুদ সাঈদী তার এ চিকিৎসা সম্বন্ধে জানেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত সোমবার রাতে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ওঠে, সাঈদীকে পরিপূর্ণ চিকিৎসা সেবা দেওয়া হয়নি।
এর পেক্ষিতে তাকে চিকিৎসা দেওয়া চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়। গত মঙ্গলবার মধ্যরাতে চিকিৎসক মোস্তফা জামান ধানমন্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।