বিএনপি নেতার বিরুদ্ধে বালু চাপা দিয়ে ৪ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগ 

বহিস্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি ও প্রেসক্লাবের সেক্রেটারি মফিজুর রহমান। ছবি: সংগৃহীতযশোরের অভয়নগরে এক ব্যবসায়ীকে বুকসমান বালুতে পুঁতে নির্যাতন করে ৪ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। অভয়নগরের বহিস্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি ও প্রেসক্লাব সেক্রেটারি মফিজুর রহমান দপ্তরির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী আসমা খাতুন। এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারে যৌথবাহিনী অভিযান শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গত ৩০ জুলাই অভয়নগর থানা ও ৩১ জুলাই অভয়নগর আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী মোছা. আসমা খাতুন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে ভুক্তভোগী ব্যবসায়ী জাফ্রিদী এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শাহনেওয়াজ কবীর টিপুকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যান নওয়াপাড়া পৌর বিএনপির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি। পরে তাঁর কাছ থেকে দুই ধাপে ৪ কোটি টাকা ব্যাংকের মাধ্যমে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) করেন। সাউথ বাংলা ও পূবালী ব্যাংকের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের নামে ওই টাকা নেন জনি। এ সময় তার সাথে ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরিসহ আরও কয়েকজন।

অভিযোগে আসমা খাতুন আরও উল্লেখ করেন, বহিস্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি তার ‘কনা ইকো পার্কে’ ব্যবসায়ী টিপুকে নিয়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারপিট এবং বুক অব্দি গর্ত করে বালু চাপা দিয়ে টাকা আদায় করেন সন্ত্রাসীরা।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জনিকে আগেই বহিষ্কার করা হয়েছে। তারপরও অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে যৌথবাহিনী এরই মধ্যেই অভিযান শুরু করেছে।