ঝিনাইদহে দুই মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত

ঝিনাইদহ সদরে দুটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন।

বুধবার রাতে সদর উপজেলার দড়িগোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলো উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬) ও একই গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬)। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ও শিহাব কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিলো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পাশের বয়েরাতলা বাজারে যাচ্ছিল। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুরে যাওয়ার পথে শিহাব ও ঢাকায় যাওয়ার পথে আরাফাত মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’