চুয়াডাঙ্গায় বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে আলফাজ হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কাথুলী বলশাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুই যুবক। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আলফাজ হোসেন সদর উপজেলার কাথুলী মালিথাপাড়ার মৃত করিম মালিথার ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার একটু আগে সেচ পাম্পের তেল কিনতে যাচ্ছিলেন আলফাজ হোসেন। এসময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাঁর বাইসাইকেলে ধাক্কা দিলে তিনি ও মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলফাজ হোসেনেকে মৃত ঘোষণা করেন এবং অপর দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পরামর্শ দেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।