সাতক্ষীরায় সীমান্তে বিএসএফের গুলিতে যুবক গুলিবিদ্ধ

সাতক্ষীরায় ঘোনা সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ওই যুবকের মাথা, দুই হাতসহ কয়েকটি স্থানে ছররা গুলি লেগেছে বলে জানান চিকিৎসক। 

গতকাল বুধবার রাত ১২ টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার উত্তর ২৪ পরগনা জেলার পাকিরডাঙা সীমান্তের মেইন পিলার ৭ এর নিকটবর্তী স্থানে এই ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার সকালে আহত যুবককে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গুলিবিদ্ধ ব্যক্তির নাম হাবিবুর রহমান (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে ফেনসিডিলসহ মাদক পাচারের অভিযোগ রয়েছে। 

ঘোনা গ্রামের অধিবাসি ইমদাদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় অবৈধপথে ভারতের পাকিরডাঙা এলাকায় ফেনসিডিল আনতে যান ঘোনা গ্রামের শহীদুল ইসলামের ছেলে ইমদাদুল, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে এশারুল ইসলাম ও ইয়াকুব আলীর ছেলে হাবিবুর রহমানসহ কয়েকজন। রাত আনুমানিক ১২ টার দিকে তাঁরা মাদক নিয়ে পাকিরডাঙা সীমান্তের ৭ নম্বর মেইন পিলারের শূন্যরেখার মধ্যে ঢুকে পড়ার পর বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। এতে হাবিবুর গুরুতর জখম হলে তাঁর সহযোগীরা বৃহস্পতিবার ভোরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় হাবিবুরকে খুমেক হাসপাতালে পাঠানো হয়। 

এ ব্যাপারে হাবিবুর রহমানের মা হামিদা খাতুনের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। 

ঘোনা ইউপি সদস্য আবুল বাসার বলেন, হাবিবুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন, বিষয়টি সত্য। 

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, হাবিবের মাথা, দুই হাতসহ কয়েকটি স্থানে ছররা গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘোনা বিজিবি ক্যাম্পের হাবিলদার সাহাবুদ্দিন জানান, তিনি লোকমুখে বিষয়টি শুনেছেন। বিএসএফ রাবার বুলেট ছুঁড়তে পারে, তবে মরণঘাতি বুলেট ছোড়ার কথা নয়। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।