খুলনায় আদালতের এজলাসে দুর্বৃত্তদের আগুন, পুড়ল আইনজীবীদের বেঞ্চ

খুলনার পাইকগাছার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে এজলাসের নথিপত্রের ক্ষতি না হলেও পুড়ে গেছে আইনজীবীদের বসার স্থানসহ কাঠগড়ার কিছু অংশ।

আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের এক এএসআই ও কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করার হয়েছে।  

আইনজীবীরা বলছেন, এজলাস কক্ষের ভাঙা জানালা দিয়ে এজলাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

জানা যায়, ভোরে মুসল্লিরা মসজিদে নামাজে যাওয়ার সময় আদালতে আগুন দেখতে পান। পরে সংশ্লিষ্টদের সহায়তায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে এজলাস কক্ষের আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে গেছে।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, বাইরে থেকে আদালতের এজলাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নাশকতার উদ্দেশ্যে স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত করতে এটা করেছে দুর্বৃত্তরা।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, স্বাভাবিক বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই এটি ঘটনা হয়েছে। নাশকতাকারীদের ধরতে অভিযান অব্যাহত।

এদিকে এ ঘটনায় পাইকগাছা পুলিশের এএসআই সোহেল রানা ও কনস্টেবল মনিরুজ্জামানকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতিও চলছে।