মাশরাফির জন্য ভক্ত–সতীর্থদের ব্যতিক্রমী প্রচার

নিজ এলাকা নড়াইল-২ আসনে নির্বাচনী প্রচার চালাচ্ছেন সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রিয় মানুষটি নির্বাচনের মাঠে, এমন সময় বন্ধু শুভাকাঙ্খী–ভক্তরা কি ঘরে বসে থাকতে পারেন? সতীর্থ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, ক্রীড়া ধারাভাষ্যকার, ফুটবল মানব– ব্যতিক্রমি ডিজিটাল প্রচারে নৌকাগাড়ি অথবা কেউ পায়ে হেঁটেই চালাচ্ছেন প্রচার। ভালোবাসার এ এক অনন্য উদাহরণ।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালোবাসার টানে নড়াইলে মাশরাফির নির্বাচনী প্রচারে ছুটে এসেছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। নিজেদের মতো করেই প্রিয় মানুষটির জন্য সকাল থেকে রাত পর্যন্ত  চালিয়ে যাচ্ছেন প্রচার। প্রিয় মানুষটির জন্য কিছু করতে পারাটাই তাদের কাছে গর্বের, আনন্দের। 

নির্বাচনের মাঠে মাশরাফিকে জয়মালা এনে দিতে হবে এমন প্রত্যয় তাদের চোখে–মুখে। প্রায় ১০টি জেলার শতাধিক মাশরাফি ভক্ত–শুভাকাঙ্ক্ষী এভাবেই নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। 

ব্যতিক্রমভাবে ইজিবাইক গাড়িকে নৌকা সাজিয়ে সঙ্গে টেলিভিশন এবং মাইক লাগিয়ে ডিজিটাল প্রচারে নৌকাগাড়ি। মাশরাফিকে ভালোবেসে ঝিনাইদহ থেকে এসেছেন প্রিয় মাশরাফির জন্য ভোটের প্রচারে। থাকবেন দুদিন নড়াইলে, ভোটারদের কাছে চাইছেন প্রিয় মাশরাফির জন্য ভোট।

নৌকাগাড়ির প্রচারক আশরাফুল ইসলাম বলেন, ‘মাশরাফির জন্য আমার এই নৌকাগাড়ি টেলিভিশনসহ ডিজিটাল প্রচার। দুদিন প্রচার করব, সেই উদ্দেশে ঝিনাইদহ থেকে নড়াইল এসেছি। গতকাল সোমবার মাশরাফির নিজ ইউনিয়ন মাইজপাড়ায় প্রচার শুরু করেছি।’

ফুটবল মাথায় নিয়ে গিনিস বুকে নাম লিখিয়েছেন ফুটবল মানব মাসুদ রানা। ঢাকা থেকে তিনি এসে ফুটবল মাথায় নিয়ে বিভিন্ন কসরত দেখিয়ে নেচে–গেয়ে প্রিয় মাশরাফির জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন।

ফুটবল মানব মাসুদ রানা বলেন, ‘মাশরাফি ভাই সারা বিশ্বে ক্রীড়াঙ্গনে লাল–সবুজের পতাকার মান উজ্জ্বল করেছেন। আমি চাই, এমন একজন ক্রীড়ামনের মানুষ আমাদের সংসদে আবার আসুক।’

মাশরাফির প্রচার ফুটবল মাথায় নিয়ে কসরত দেখাচ্ছেন গিনেস বুকে নাম লেখানো ফুটবল মানব মাসুদ রানা। ছবি: ইনডিপেনডেন্ট

জাতীয় পর্যায়ের ক্রীড়া ধারাভাষ্যকার কুমার কল্যাণও এসেছেন মাশরাফির প্রচারে। তিনি বলেন, ‘আমরা যারা স্পোর্টের সঙ্গে জড়িত, আমরা প্রত্যেকে ছুটে এসেছি। আমরা চাই, মাশরাফি বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন। নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান। আমরা জনগণের কাছে মাশরাফি জন্য, বঙ্গবন্ধুর নৌকার জন্য ভোট চাইছি।’      
 
জাতীয় ক্রিকেট দলের সতীর্থ সাবেক খেলোয়াড় সৈয়দ রাসেল ছুটে এসেছেন মাশরাফির প্রচারে। ছুটে চলেছেন মাশরাফির সঙ্গে। এ ব্যাপারে সৈয়দ রাসেল বলেন, ‘এমপি সাহেব মাশরাফি বিন মুর্তজার ভোটের ক্যাম্পেইনে এসেছি। আমাদের একটা দায়িত্ববোধ থেকে এসেছি। আমরা সতীর্থ ছিলাম, একসঙ্গে খেলছি। আমাদের খুব ভালো আন্ডারস্টান্ডিং আছে। আমরা ভালো বন্ধু। তাঁর পাশে এই সময়ে থাকা উচিত। আনন্দের সঙ্গে আমরা ভোট করব।’

যশোর, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলার ভক্ত, বন্ধু, শুভাকাঙ্ক্ষী মাশরাফির প্রতি ভালোবাসার টানে এসেছেন নড়াইলে। নিজেদের মতো করে চালিয়ে যাচ্ছেন প্রচার।

সব মিলিয়ে ভক্তদের অন্যরকম ভালোবাসায় সিক্ত মাশরাফি বিন মুর্তজা। ভোটের মাঠে জয়ের মালা পরবে তাদের প্রিয় মানুষটি এমনটাই প্রত্যাশা নিবেদিতপ্রাণ মাশরাফি ভক্ত, বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের।