চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোদের তাপ ও গরমে মানুষ স্বাভাবিক কাজ করতে পারছেন না।
শ্রমজীবী মানুষদের বেশি বিড়ম্বনা পোহাতে হচ্ছে। কাজের সন্ধানে বাইরে এসেও তাঁরা কাজ করতে পারছেন না। ভ্যানচালকরা যাত্রী পাচ্ছেন না। কৃষি শ্রমিকরা মাঠে কাজ করতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই ছিল বেশি তাপমাত্রা। সারাদিনই তীব্র গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রমের কৃষক ইছাহক আলী বলেন, ‘সকাল ১০টার পর থেকে মাঠে আর কাজ করা যাচ্ছে না। রোদের তাপ বেড়ে যাচ্ছে। কৃষি শ্রমিকরা খুব সকালে মাঠে এসে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছেন। এতে যতটুকু কাজ হওয়া দরকার তা হচ্ছে না। এখন ধান কাটা ও পাট পরিচর্যা করার সময়। কোনো কাজই ভালোভাবে করা যাচ্ছে না।’
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘চলতি এপ্রিল মাসের ১২ তারিখ থেকে চুয়াডাঙ্গা জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। মৃদু, মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। মাঝে ১.৬ মিলিমিটার বৃষ্টিপাত হলেও তাতে গরম কমেনি। এই অবস্থা অব্যাহত থাকতে পারে।’