সুন্দরবনের ১৬ স্টেশন প্লাবিত 

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবনের বিভিন্ন নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৫ ফুট উচ্চতায় অবস্থান করছে। এর ফলে সুন্দরবনের করমজল, দুবলার চর, কচিখালী, মান্দারবাড়িয়া, নীল কমল সহ ১৬টি স্টেশন প্লাবিত হয়েছে। 

বন সংরক্ষক মিহির কুমার দো এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘স্বাভাবিক সময়ে জোয়ারের পানি বনে প্রবেশ করে আবার নেমে যায়। ঘূর্ণিঝড়ের ফলে জোয়ারে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সব গুলো ক্যাম্প প্লাবিত হয়েছে।’ 

করমজল বণ্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর বলেন, ‘স্বাভাবিক সময়ের থেকে তিন থেকে চার ফুট উচ্চতার পানি প্রজনন কেন্দ্রে প্রবেশ করেছে।’ 

এ পরিস্থিতিতে প্রজনন কেন্দ্রে থাকা বন্যপ্রানীর নিরাপত্তা নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি। 

ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ এরই মধ্যে বাংলাদেশ উপকূলে প্রবেশ করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার দুপুরে অধিদপ্তরের উপপরিচালক আজিজুর রহমান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘ঘূর্ণিঝড়টি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪ থেকে ৫ ঘণ্টায় বাগেরহাটের মংলা ও পটুয়াখালির খেপুপাড়া দিয়ে অতিক্রম করবে। ঘুর্ণিঝড়টির অগ্রভাগ উপকূলে প্রবেশ করায় পটুয়াখালিতে বাতাসের বেগ ঘণ্টায় ৭২ কিলোমিটার আর মংলায় ৫৭ কিলোমিটার।’ 

ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও আছে দমকা হাওয়া। নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। উপকূলবাসীকে সতর্ক করতে ও নিরাপদ স্থানে সরিয়ে নিতে জেলায় জেলায় চলছে মাইকিং। 

ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় আট থেকে নয় হাজার নিরাপদ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। সচিবালয়ে আন্তঃমন্ত্রণলায় সভা শেষে রোববার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি জানান, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সকাল পর্যন্ত উপকূলের ৫০ শতাংশ মানুষ এসব কেন্দ্রে অবস্থান নিয়েছে। দ্রুত অন্যদেরও কেন্দ্রগুলোয় অবস্থানের অনুরোধ জানিয়েছেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি সকল দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে। স্বশস্ত্র বাহিনীসহ অন্য বাহিনীগুলোও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের ভেতরে নৌ চলাচল বন্ধ থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। সরকার মানুষের জানমালের নিরাপত্তায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।’

আরও পড়ুন: