খুলনায় মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টায় পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় এ ঘটনা ঘটে।

পাইকগাছা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওবায়দুর রহমান বলেন, সকালে পাইকগাছার শিববাটি এলাকায় একটি মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানচালক এবং মোটরসাইকেলচালক ও এক আরোহী মারা গেছেন।

নিহতদের মধ্যে ভ্যানচালকের নাম ইসমাইল (৬০)। তবে মোটরসাইকেল আরোহীদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ভ্যানটিকে জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।