খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন প্রফেসর রেজাউল করিম

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ ছাড়া প্রো-ভাইস চান্সেলর (প্রো-ভিসি) পদে নিযুক্ত হয়েছেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. হারুনর রশিদ খান এবং ট্রেজারার পদে নিযুক্ত হয়েছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নূরুন্নবী। 

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এতে বলা হয়, খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ এর (১১)১ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে চার বছর মেয়াদে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নিযুক্ত করা হয়। 

ড. মো. রেজাউল করিম হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৩তম ভাইস-চ্যান্সেলর এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে নিযুক্ত তৃতীয় ভাইস-চ্যান্সেলর। এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ড. মো. হারুনর রশিদ খান। 

আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ড. মো. নূরুন্নবী। তিনিও চার বছর মেয়াদে নিয়োগ পেয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. এস এম মাহবুবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।