মেহেরপুরে যৌথবাহিনী অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১ 

মেহেরপুরের গাংনীতে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ লাল্টু বিশ্বাস নামের একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা শেষে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

উপজেলার কাথুলি ইউনিয়নের লক্ষিনারায়ণপুর গ্রামের আজ শুক্রবার ভোরে অভিযান চালানো হয়।

মেহেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রওশন আলম জানিয়েছেন, লাল্টু বিশ্বাসের হেফাজতে অস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় যৌথবাহিনীর একটি দল শুক্রবার ভোরে অভিযান চালায়। এ সময় লাল্টু বিশ্বাসের বাড়ির প্রবেশ পথের গেটের ছাদের এক কোনে রাখা একটি লাল ব্যাগ জব্দ করা হয়। ব্যাগের মধ্যে থেকে আমেরিকার তৈরি একটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।