বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (এমএসটিপিপি)। বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) পরিচালিত এই প্ল্যান্ট ২০২৫ সালের নভেম্বর মাসে উৎপাদন করেছে ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ, যা দেশের ইতিহাসে যেকোনো বিদ্যুৎকেন্দ্রের সর্বোচ্চ মাসিক উৎপাদন।
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অসামান্য অর্জনের মাধ্যমে এমএসটিপিপি প্রমাণ করেছে তাদের ব্যতিক্রমী শিল্পদক্ষতা, নির্ভরযোগ্যতা ও টেকসই বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা। পুরো নভেম্বর মাসজুড়ে প্ল্যান্টটি জাতীয় গ্রিডে সরবরাহ করেছে দেশের মোট বিদ্যুৎচাহিদার প্রায় ১১.৫ শতাংশ, যা এককভাবে কোনো পাওয়ার প্ল্যান্টের জন্য এক বিস্ময়কর সফলতা।
বিজ্ঞপ্তিতে আনোয়ারুল আজিম আরও উল্লেখ করেন, বিআইএফপিসিএল হলো বাংলাদেশের বিপিডিবি ও ভারতের এনটিপিসি-র যৌথ উদ্যোগ। মৈত্রী পাওয়ার প্ল্যান্টের এই রেকর্ড শুধু উৎপাদন সক্ষমতার নয়; বরং কার্যকর কয়লা ব্যবস্থাপনা, সতর্ক আর্থিক পরিকল্পনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারেরও প্রমাণ।
এর আগে এমএসটিপিপি নিয়মিতভাবে মাসে ৬০০ এমইউ-এর বেশি বিদ্যুৎ উৎপাদন করে দেশের মোট চাহিদার প্রায় ৮ শতাংশ সরবরাহ করে আসছিল। কিন্তু নভেম্বর মাসের এই রেকর্ড দেশের বিদ্যুৎ খাতে তৈরি করেছে এক নতুন মানদণ্ড।
নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে প্ল্যান্টটি বর্তমানে বাংলাদেশের শিল্প, গৃহস্থালি ও বাণিজ্য খাতের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।