ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-মাগুরা মহাসড়কের পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধানখেতের পাশে একটি তালগাছের গোড়ায় তিনটি মুখ বাঁধা প্লাস্টিকের বস্তা দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকল করে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মধুখালী থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তা তিনটির মুখ খুললে সেগুলোর ভেতর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহম্মদ মাসুদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
পুলিশের এই কর্মকর্তা জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হলে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



