মোংলায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় শুরু হয়েছে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা। শুক্রবার মোংলা  উপজেলা অডিটরিয়ামে এসব প্রদর্শিত হয়।

শিক্ষার্থীদের শুধু বইয়ের তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ না রেখে, হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা এবং ব্যবসায়িক চিন্তাভাবনা প্রসারের লক্ষ্যে এই বিশেষ মেলার আয়োজন করা হয়। ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আওতায় আয়োজিত এই মেলায় ১০টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী বিষয়  প্রদর্শন করেন।

মেলায় মূলত তিনটি ক্যাটাগরিতে—স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং ইনোভেশন আইডিয়া তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, এসব প্রযুক্তির ব্যবহার মানুষের শ্রম লাঘব করবে এবং স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন সমস্যার লাভজনক ও টেকসই সমাধান এনে দেবে। তাই এই আয়োজন।

মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান,  নুর আলম শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে অতিথিরা ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শিত বিভিন্ন স্টল ও প্রজেক্ট ঘুরে দেখেন এবং বিজয়িদের মাঝে ক্রেস্ট ও সাটিফিকেট তুলে দেওয়া হয়।

এ সময় ইনভেশনের জন্য প্রথম পুরস্কার পায় সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, সাইন্স প্রজেক্ট প্রদর্শনের জন্য ২য় হয় হলদিবুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং  স্মাট নগরি প্রদর্শনের জন্য ৩য় হয় মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়।