পূর্ব সুন্দরবনে অপহরণের তিন দিন পর বনদস্যুদের কবল থেকে মুক্তি পেয়েছেন বন বিভাগের বেতারচালক ফরিদুল ইসলামসহ তিনজন। শুক্রবার সকালে তারা নিরাপদে ফিরে আসেন।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির বেতারচালক ফরিদুল ইসলাম ছুটি শেষে গত মঙ্গলবার বেলা ১২টার দিকে পাথরঘাটার পদ্মা স্লুইস এলাকা থেকে দুবলা অফিসের উদ্দেশে একটি ট্রলারে রওনা হন। ট্রলারটির চালক ছিলেন তোফাজ্জেল সরদার এবং তার সহকারী ছিলেন মো. আলকাস।
সেদিন বিকেল ৫টার দিকে ট্রলারটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কালামিয়া এলাকা অতিক্রম করার সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা হামলা চালায়। এ সময় তারা বেতারচালক ফরিদুল ইসলাম, ট্রলারচালক তোফাজ্জেল সরদার ও তার সহকারী মো. আলকাসকে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ঘটনার পর শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বৃহস্পতিবার বিকেলে শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ডিএফও মো. রেজাউল করীম চৌধুরী জানান, নিখোঁজদের উদ্ধারে বন বিভাগ তিন দিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ড্রোনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ভোর রাতে দস্যুরা সুন্দরবনের আমবাড়িয়া এলাকায় চোখ বেঁধে ফরিদুল ইসলামসহ তিনজনকে ছেড়ে দেয়। পরে তারা নিরাপদে দুবলা অফিসে ফিরে আসেন।
তিনি আরও জানান, বন বিভাগের কর্মী পরিচয় নিশ্চিত হওয়ার পর দস্যুরা তাদের মুক্তির জন্য কোনো মুক্তিপণ দাবি করেনি।