সুন্দরবন থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া বাঘটি এখন পুরোপুরি সুস্থ। শিকারিদের পাতা হরিণ ধরার ফাঁদে আটকে আহত হওয়া বাঘটিকে দীর্ঘ চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তোলা হয়েছে। বন বিভাগের পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসেই বাঘটিকে আবার সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হবে।
গত ৪ জানুয়ারি সুন্দরবনের সড়কিখাল এলাকায় শিকারিদের পাতা হরিণ ধরার ফাঁদে আটকা পড়ে একটি বাঘ। পরে বন বিভাগের সদস্যরা বাঘটিকে উদ্ধার করেন। ফাঁদে আটকে থাকায় বাঘটির সামনের বাম পায়ে গুরুতর আঘাত পায়। এছাড়া দীর্ঘ সময় খাবার না পাওয়ায় সেটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে।
খুলনা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, ‘উদ্ধারের পর বাঘটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে রাখা হয়। পাঁচ মাসের চিকিৎসা ও পরিচর্যায় এটি এখন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে। বাঘটিকে সুন্দরবনে অবমুক্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।’
খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, ‘চলতি মাসের শেষদিকে বাঘটিকে সুন্দরবনে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে। বাঘের গলায় স্যাটেলাইট কলার পরানো হবে। যাতে অবমুক্তির পর বাঘটির গতিবিধি পর্যবেক্ষণ করা যায়।’
সুন্দরবন থেকে আহত অবস্থায় বাঘ উদ্ধার করে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে আবার বনে অবমুক্ত করার ঘটনা বাংলাদেশে এটিই হবে প্রথম।



