প্রায় ছয় মাসের নিবিড় চিকিৎসা ও পরিচর্যার পর সুন্দরবনে ফিরছে একটি বাঘিনী। আগামীকাল রোববার সুন্দরবনে অবমুক্ত করা হবে। বন বিভাগ বলছে, চলতি বছরের ৩ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় হরিণ শিকারিদের পেতে রাখা অবৈধ ছিটকা ফাঁদে আটকা পড়ে ১০ বছর বয়সী বাঘিনীটি।
দীর্ঘ সময় ফাঁদে আটকে থাকায় বাঘিনীটির সামনের বাঁ পায়ের চামড়া, মাংসপেশি ও শিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত অবস্থায় বাঘিনীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয় খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে। ছয় মাসের চিকিৎসা শেষে বাঘিনীটি স্বাভাবিকভাবে হাঁটাচলা, দৌড়ানো এবং শিকার ধরার সক্ষমতা ফিরে পেলে তাকে আবার সুন্দরবনের নিজ এলাকায় অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন থেকে অসুস্থ বাঘ উদ্ধার করে চিকিৎসা শেষে আবারও তাকে বনে ফিরিয়ে দেওয়া দেশের ইতিহাসে এই প্রথম।