খুলনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

খুলনার দীঘলিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার রাতে উপজেলার ডোমরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা খাতুন, মায়মুনা ও রুবিয়া খাতুন।

পুলিশ জানায়, মোটরসাইকেলচালক সিহাব শেখ স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে নিয়ে রূপসা থেকে গাজীরহাট হয়ে কালিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে ডোমরা এলাকায় বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং সিহাব শেখ গুরুতর আহত হন।

আহত সিহাব শেখকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দীঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।