সাতক্ষীরায় হাসপাতালে আগুন, হুড়োহুড়িতে আহত ৫০

সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে আগুন লাগার ঘটনায় ধোঁয়া ও আতঙ্কে সৃষ্ট হুড়োহুড়িতে অন্তত ৫০ জন রোগী ও তাদের স্বজন আহত হয়েছেন।

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর হাসপাতালের পার্কিং ফ্লোরে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়া দ্রুত ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে রোগী, স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়িতে অনেকে আহত হন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে কাজ করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত শেষে জানানো হবে।

পুলিশ জানায়, উদ্ধার কার্যক্রম ও যানজট নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি শতাধিক পুলিশ সদস্য এবং বিজিবির সদস্যরা যৌথভাবে কাজ করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।