কিশোরগঞ্জের কটিয়াদী তিতাস গ্যাসের মূল সঞ্চালন লাইনে লিকেজের কারণে পুরো জেলায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আগামী তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে, লাইনে লিকেজের কারণে গ্যাস বের হতে থাকায় আতঙ্কিত স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রায় দুমাস আগে অবৈধ সংযোগ নেওয়ার সময় গ্যাস লাইনে লিকেজের ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়াল খাঁ নদের পাড় ঘেঁষে তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে অনবরত বের হচ্ছে গ্যাস।
এলাকাবাসী জানান, নদীর পাশে একটি চুন তৈরির কারখানায় তিতাসের লাইন থেকে অবৈধভাবে সংযোগ নেওয়ার চেষ্টা করে মালিকপক্ষ। এসময় পাইপ ছিদ্র হয়ে যায়। সেসময় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়।
সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য পুরো জেলায় সোমবার বিকেল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। ফলে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় বিপাকে যানবাহন মালিকরা। বাসাবাড়িতে জ্বলছে না চুলা।
নদীতে প্রবল স্রোত থাকায় লিকেজ মেরামতের কাজে বেগ পেতে হচ্ছে, বলছে তিতাস কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের।
ময়মনসিংহের ভালুকা তিতাস গ্যাসের ব্যবস্থাপক (অপারেশন) শামীম হোসেন বলেন, ‘নদীতে প্রবল স্রোত থাকায় লিকেজ মেরামতের কাজে বেগ পেতে হচ্ছে।’
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মামলা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে অনুমোদনহীন কারখানাটি উচ্ছেদে অভিযানে নেমেছে প্রশাসন। তবে, পলাতক মালিক দেলোয়ার হোসেন তালুকদার।



