নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের হাজীপাড়া এলাকায় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যার দায়ে স্বামী মোক্তার আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মোক্তার আলী গোগনগর এলাকার বাড়িরটেক গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে।
আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, ২০২২ সালের ২০ নভেম্বর ফতুল্লার কাশিপুরের হাজীপাড়া এলাকায় পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মোক্তার আলী ছুরিকাঘাত করে স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ মোক্তার আলীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন।
মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।



