বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়।
নিহতরা হলেন– বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের বড় দুই ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।
স্থানীয়দের বরাতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ দুপুরে বলেন, ‘আজ সকালে বৈরি আবহাওয়ার মধ্যে বড় ভাই বিধান বাছাড় ও তার ছোট ভাই মানিক বাছাড় ধানের ক্ষেতের আগাছা পরিস্কারের কাজ করছিলেন। মুষলধারে বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হয়। ওই বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে মাঠে থাকা অন্য কৃষকরা এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশ খবর পেয়ে সেখানে গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’