রামপাল বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট বন্ধ: উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদনে সমস্যা তৈরি হয়েছে। কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর ইউনিট হঠাৎ বন্ধ হয়ে গেছে। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, বিগত দিনগুলোতে কয়লা সংকটের কারণে কেন্দ্রটির উৎপাদন কিছুটা কমিয়ে আনা হয়েছিল। তবে সম্প্রতি প্রয়োজনীয় কয়লা মজুত থাকায় কেন্দ্রটিতে পূর্ণ গতিতেই বিদ্যুৎ উৎপাদন চলছিল এবং এটি জাতীয় গ্রিডে প্রতিদিন ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। রোববার  হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এর ২ নম্বর ইউনিটটি বন্ধ করে দিতে হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রক্ষণাবেক্ষণ কাজের জন্য রামপালের ইউনিট-২ বন্ধ রাখা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের কোনো ইউনিট বন্ধ হলে তা পরিদর্শন ও মেরামতের জন্য প্রথমে কুল ডাউন (ঠান্ডা) করতে হয়। এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইউনিটটি পরীক্ষার জন্য ভারত থেকে দুজন বিশেষজ্ঞ প্রকৌশলী আসার কথা রয়েছে। তারা এসে পর্যবেক্ষণ করার পর বলা সম্ভব হবে এটি কবে নাগাদ উৎপাদনে ফিরবে। আপাতত দুই দিন পর পরিস্থিতি স্পষ্ট বোঝা যাবে।’

উল্লেখ্য, রামপাল কেন্দ্রটির উৎপাদন অর্ধেকে নেমে আসায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সাময়িক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বন্ধ হওয়া ইউনিটটি দ্রুত সচল করতে কর্তৃপক্ষ প্রাথমিক কাজ শুরু করেছে।