খুলনায় ভাত চুরির অভিযোগে শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৩, একজনের স্বীকারোক্তি

খুলনায় ভাত চুরির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমল হোসেন হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন বরিশাল থেকে গ্রেপ্তার হওয়া হাসনাত হাবিব রিফাত। এছাড়াও এসআরবি অভিযানে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা হলের সামনে থেকে তারেক হাসান ওরফে রুবেল ও কেএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে বরিশালের উজিরপুর থেকে প্রতাপ সরকার নামের দুইজন গ্রেপ্তার হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার অমিত কুমার বর্মন জানান, রিফাত মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল মুহিনের এর আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে ও তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে রিফাত কি বলেছে? তা তদন্তের স্বার্থে তাৎক্ষণিক বলেননি তিনি।

এছাড়াও পুলিশের এই কর্মকর্তা বলেন, মঙ্গলবার দুপুরে এসআরবি–৬ এর অভিযানে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা হলের সামনে থেকে তারেক হাসান ওরফে রুবেলকে গ্রেপ্তার হয়। তিনি মূলত হল গেটের সামনের দোকানদার। সে হরিনটানা থানাধীন খানজাহান নগর এলাকার লাল মিয়ার ছেলে।

এছাড়াও বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিবির অভিযানে বরিশালের উজিরপুর থেকে প্রতাপ সরকারকে গ্রেপ্তার হয়। সে যশোরের অভয়নগরের শিবপদ সরকারের ছেলে।