জামায়াতের নেতা-কর্মীসহ লংমার্চের বাস খাদে, পথচারী নিহত

খুলনা থেকে লংমার্চের কর্মসূচি শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজন পথচারী নিহত এবং জামায়াতের অন্তত ১০ জন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা বাজার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত পথচারীর নাম আব্দুল খালেক (৪৫)। তিনি তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা থেকে লংমার্চের কর্মসূচি শেষ করে ঘোনা ইউনিয়নের নেতা-কর্মী ও সাধারণ যাত্রীদের বহনকারী একটি বাস সাতক্ষীরার দিকে ফিরছিল। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা বাজার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ একজন ব্যক্তি দৌড়ে বাসের সামনে চলে আসে। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ওসি জানান, তাকে বাঁচাতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় পথচারী আব্দুল খালেক ঘটনাস্থলেই নিহত হন এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং খাদ থেকে তোলার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের কাজ চলমান রয়েছে।