খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল লবণচরা থানার বুড়ো মৌলভির দরগা এলাকার মাহাতাব শেখের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, রাতে দুর্বৃত্তরা শহীদুলকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি হত্যা ও ৭টি মাদক মামলা মোট ৮টি মামলা রয়েছে। তিনি প্রায়ই বাড়ির বাইরে অবস্থান করতেন। মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে আসতেন। শনিবারও তিনি বাড়িতে এসে সন্ধ্যার দিকে বের হয়ে যান। রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়।
মোশারেফ হোসেন বলেন, রাত আনুমানিক ১২টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেল কলেজে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


