সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্ত অপরাধ প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদারে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অন্যদিকে, সাত সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল দলজিত সিং।
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উভয় পক্ষ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে। বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বিজিবির উপঅধিনায়ক মো. শাহরিয়ার হোসেন জানান, অত্যন্ত ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি দুপুর দেড়টায় সফলভাবে শেষ হয়।