সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

সুন্দরবনের দুবলার চর এলাকায় পর্যটকবাহী বোট থেকে নেমে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটক রিয়াজ আহমেদের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আজ রোববার মরদেহ শহরে নিয়ে আসা হবে।

এর আগে গতকাল শনিবার রাত ১০টার দিকে আলোরকোল সি বিচ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা।

নিখোঁজ রিয়াজ আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা কাঠালী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, শনিবার রাত প্রায় ১০টার দিকে আলোরকোল সি বিচ এলাকায় স্থানীয় জেলেরা মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কিনারায় নিয়ে আসেন। 

এর আগে গত ৫ নভেম্বর ১৯ জন পর্যটক নিয়ে ‘মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২’ বোটটি সুন্দরবনে ভ্রমণে যায়।

শুক্রবার দুপুর ১টার দিকে দুবলার চর এলাকায় একটি চরে বোটটি আটকে গেলে পর্যটকরা নেমে ধাক্কাধাক্কি করে নামানোর চেষ্টা করার সময় হঠাৎ ঢেউয়ের তোড়ে চারজন ভেসে যান। এ সময় তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও রিয়াজ আহমেদ নিখোঁজ হন। ঘটনার পর থেকে বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ দল তাঁকে উদ্ধারে চেষ্টা চালিয়।