চুয়াডাঙ্গায় মাদক মামলায় ৯ বছর পর যুবকের যাবজ্জীবন 

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বকুল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ড পাওয়া বকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত কুদরত আলীর ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ দুপুরে মাদক কেনাবেচার খবর পেয়ে বকুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১৩টি ইঞ্জেকশন উদ্ধার করা হয়। 

এ ঘটনায় তৎকালীন উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৩১ মে বকুলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই সানজিদ আহমেদ।  

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের আট সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে বকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মামলায় তার হাজতবাসের সময় সাজা থেকে বাদ দেওয়া এবং জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৈয়দ মাহমুদ শামীম রেজা ডালিম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আরিফুল ইসলাম আরিফ।

রায় ঘোষণার পর পুলিশ পাহারায় আসামি বকুলকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।