কুষ্টিয়ায় কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে আহত ২

কুষ্টিয়ার মজমপুর রেলগেট এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে একটি ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সুমন (৪০) ও রুহুল আমিন (৪০)। সুমন কুষ্টিয়া পৌরসভার আড়ুয়াপাড়া এলাকার আব্দুর জব্বারের ছেলে। তিনি ভাঙারি সংগ্রহ করে বিক্রি করেন। অন্যদিকে রুহুল আমিন জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি ওই দোকানের ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে সুমন এক বস্তা ভাঙারি নিয়ে রুহুল আমিনের দোকানে যান। বস্তার মালামাল ওজন করার পর সেগুলো নিচে ঢালার সময় লাল টেপে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু পড়ে যায়। এরপর বিকট শব্দে সেটির বিস্ফোরণ ঘটে। এতে সুমন ও রুহুল আমিন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা পুলিশি হেফাজতে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিস্ফোরণ ও আহত দুজনের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরিত বস্তুটি ককটেল ছিল। সুমন কোথা থেকে বস্তুটি পেয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। আহত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।