নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসাদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মামলার আসামি আসাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার দুপুরে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ২৫ মার্চ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আট বছর বয়সী ওই শিশুকে সকাল ৮টার দিকে বাড়িতে একা অবস্থান করছিল। শিশুটির বাবা–মাসহ পরিবারের সদস্যরা ওই মুহূর্তে বাড়ি ছিলেন না। শিশুটিকে বাড়ি একা পেয়ে প্রতিবেশী আসাদ মোল্যা তাকে ধর্ষণ করে।
এ সময় শিশুটির চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। অপরদিকে স্থানীয় লোকজন আসাদ মোল্যাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই দিনই নড়াগাতি থানায় আসাদ মোল্যাকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার ৮ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার বেলা ১২টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।
নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আজিবুর রহমান বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড ঘোষণা করে রায় প্রদান করেন।