সাতক্ষীরার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক রাজমিস্ত্রী ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে একজন গুরুতর অসুস্থ হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলো– বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) এবং মনিরুজ্জামান পাড়ের ছেলে স্কুলছাত্র আরাফাত পাড় (১৬)। আহত হয়েছেন বরেয়া গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে গোলাম হোসেন (৩০)।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, আজ দুপুরে বরেয়া গ্রামের হাতেম শেখের ছেলে আরিফুল ইসলামের বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ছাদের সেনটারিং খুলতে নামেন রাজমিস্ত্রী মহানন্দ সরকার। কয়েকদিন আগে নির্মিত ওই বদ্ধ সেপটিক ট্যাংকে নামতেই অক্সিজেন স্বল্পতা ও বিষাক্ত গ্যাসের প্রতিক্রিয়ায় তিনি অজ্ঞান হয়ে যান।
মহানন্দ সরকারকে উদ্ধার করতে সেফটিক ট্যাংকে নামেন গোলাম হোসেন ও বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আরাফাত হোসেন। গ্যাসের প্রতিক্রিয়ায় মহানন্দ সরকার ও আরাফাত হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর অসুস্থ গোলাম হোসেনকে উদ্ধার করে স্বজনরা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরিদর্শন করেছে। বিষাক্ত গ্যাসের উপস্থিতি ও অক্সিজেন স্বল্পতায় দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’