যশোরে চার কোটি টাকা টাকার সোনাসহ গ্রেপ্তার ৩

যশোরে ১৫টি সোনার বারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। আজ শুক্রবার বিকেলে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদে শুক্রবার ভোররাতে যশোর-নড়াইল সড়কের নীলগজ্ঞ এলাকায় অভিযান চালান বিজিবি সদস্যরা। এসময় বেনাপোলগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৭৮০ গ্রাম ওজনের ১৫টি সোনার বার, ২৩ গ্রাম রুপা জব্দ করা হয়। এসময় সাতক্ষীরার কলারোয়ার ভাদিয়ালী গ্রামের হাবিবুর রহমান, কেঁড়াগাছির সুমন হোসেন ও সুলতানপুর গ্রামের হেদায়রু রহমানকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জব্দ সোনার বারগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে ঢাকা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।

‎