৩ দিনের অসময়ের বৃষ্টিতে যশোর ও শরীয়তপুরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শাকসবজির পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন ধান চাষীরা। কৃষকদের শঙ্কা, উৎপাদন কমার পাশাপাশি বাড়বে ফসল তোলার খরচ। এছাড়া শীতকালীন ফসল আবাদ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা ৩ দিনের বৃষ্টিতে ডুবেছে যশোরের নিচু অঞ্চলের জমি। নিষ্কাশনের সুবিধা না থাকায় উঁচু ফসলি জমিতেও জমেছে পানি।
কৃষকেরা বলছেন, অসময়ের বৃষ্টিতে ক্ষতি হয়েছে আমন আবাদের। ভেসে গেছে কেটে রাখা ধান। এছাড়াও শীতকালীন সবজি এবং সরিষা, মসুর, মরিচ, আলুর ফলনেও পড়বে বিরূপ প্রভাব।
সংকট কাটাতে মাঠের পানি সরানোর পাশাপাশি বালাইনাশক ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। যশোরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সাদ মো. আরিফ বলেন, ‘এই পানির মধ্যে কাটলে ধান হয়তো বাঁচানো যাবে কিন্তু বিচালি বাঁচানো একেবারে অসম্ভব। এই প্রাকৃতিক দুর্যোগটা আমাদের চাষীদের জন্য চরম ক্ষতি বয়ে এনেছে।’
শরীয়তপুরেও ও অসময়ের বৃষ্টিতে তলিয়েছে পেঁয়াজ, রসুনসহ শীতকালীন সবজি। জমিতে জলাবদ্ধতার কারণে ফসল রক্ষা করতে হিমশিম কৃষকেরা।
সরেজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে কৃষি বিভাগ। এরপরই ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হবে প্রয়োজনীয় পরামর্শ ও নানা সহায়তা।


