ময়মনসিংহের ত্রিশালে মিকচার মেশিন গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। নিহতরা হলেন, নেত্রকোনা জেলার আটপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে রয়েল কাজী (৩৫) ও চাঁদপুর জেলার উত্তর মতলব থানা এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে মো. আশিক (৩০)।
শনিবার রাত সাড়ে ৭ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মনি এলাকায় এই ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইন উদ্দিন বলেন, 'দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেল ত্রিশালের রায়মনি এলাকায় এসে ইউটার্ন নেয়। এসময় ঢাকাগামী একটি মিকচার মেশিন মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।'
তিনি আরও বলেন, 'মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'