নিজ বেগুন খেতে সেচ দিতে গিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে আব্দুল করিম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল করিম ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
আজ ১৭ মার্চ রোববার দুপুরে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ দুপুরে আব্দুল করিম নিজের আবাদি বেগুন খেতে সেচ দিতে গিয়ে নিজেরই বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে যান। এসময় অসতর্কতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়।
বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নন্নী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যান। পরে সেখান থেকে পরিবারের লোকজন আরো উন্নত চিকিৎসার জন্য ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজন বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য আবেদন করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।