জামালপুরে হত্যা মামলায় কারাগারে উপজেলা চেয়ারম্যান

জামালপুরে সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার বেলা সোয়া ৩টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই আদেশ দেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন জানান, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হয় সার ব্যবসায়ী নওশের আলী। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমু'র নাম উঠে এলে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন তিনি। গতকাল জামিনের মেয়াদ শেষে আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু।