৫ আগস্টের পর সারা দেশে কারাগার থেকে পালানো বেশিরভাগ আসামি ফিরে এলেও ৫০০ এর মতো আসামি এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।
বুধবার বিকালে জামালপুর জেলা কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এছাড়াও লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তিনি।
এসময় কারা মহাপরিদর্শক জানান, সারা দেশে নতুন কারাগার নির্মাণে যেসব ঠিকাদার অপারগ হবে নিয়ম অনুযায়ী তাদের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে।
এছাড়াও কারাগারে বন্দীদের খাবারের তালিকায় আমিষ ও প্রোটিনের পরিমাণ বৃদ্ধির জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেওয়া আছে বলে জানান তিনি।
কারাগার পরিদর্শন শেষে একটি সভায় যোগদান করেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। এছাড়াও সভায় ময়মনসিংহ ও জামালপুর জেলা কারাগারের কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।