জামালপুরে ৩টি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ৩টি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। গত সোমবার উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা উত্তরপাড়া থেকে এই বস্তুগুলো উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার দুপুর ১২ টায় এগুলো নিষ্ক্রিয় করা হয়। 

ধারণা করা হচ্ছে, গ্রেনেডগুলো মুক্তিযুদ্ধের সময়ের। 

বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের মেজর আব্দুল্লাহ আল মারুফ জানান, সোমবার ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদের পতিত জমিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য ভেকু দিয়ে মাটি কাটার সময় গ্রেনেডসদৃশ্য তিনটি বস্তু পায় স্থানীয়রা। পরে পুলিশকে জানানো হলে বস্তুগুলো ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। 

পরে মঙ্গলবার বেলা ১২ টার দিকে শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেগুলোকে নিষ্ক্রিয় করে। 

মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত গ্রেনেডগুলো মাটির নিচে চাপা পরে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সেনাবাহিনী।