অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে ছিটকে পড়লেন বাইক চালক, ট্রাকচাপায় নিহত

জামালপুরে ট্রাকের চাপায় অঙ্কন (২০) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার বিকেলে শহরের বিসিক শিল্প নগরীর সামনের নতুন বাইপাস এলাকায় একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে সড়কে পড়ে গেলে এ দুর্ঘটনা হয়।

নিহত অঙ্কনের বাড়ি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের টিওবয়েলপাড় কাঁচাসড়া গ্রামে। তিনি হুমায়ূন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল চালক অঙ্কন বাইপাস এলাকায় রাস্তার পাশে অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পরে স্থানীয়রা খবর দিলে জামালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে জামালপুর থানার ওসি (তদন্ত) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘আমাদের পুলিশ ঘটনাস্থলে আছে। ময়নাতদন্তের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ট্রাকটি জব্দ হলেও এর চালক পালিয়ে গেছে। আমরা চালককে আইনের আওতায় আনার চেষ্টা করছি।’